নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ইয়ামিন ওরফে হেনজু (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
নিহত হেনজু হাতিয়ার হরনী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বয়ারচর চেয়ারম্যান ঘাট এলাকার মো. বাহারের ছেলে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে চরজুবলী ইউনিয়নের আটকপালিয়া বাজার-সোনাপুর সড়কের হারিছ চৌধুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হেনজু চেয়ারম্যান ঘাট থেকে সিএনজি করে জেলা শহর মাইজদীর উদ্দেশে রওনা দেন। পথে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সিএনজির চালকসহ দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সময় কাঁচপুর ব্রিজ এলাকায় হেনজু মারা যান।
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ঘটনার পর থেকেই পলাতক। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
0 Comments