নোয়াখালীর বেগগঞ্জ উপজেলায় কবরস্থানের দেয়াল ধসে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।
নিহত শিশুর নাম মো. ফয়সাল হোসেন (৯)। সে উপজেলার জিরতলী ইউনিয়নের দক্ষিণ জিরতলী গ্রামের বারেক চৌকিদার বাড়ির মো. মিজান ওরফে বাহাদুরের ছেলে। ফয়সাল স্থানীয় আল হেরা ক্যাডেট মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিরতলী টু মজুমদার হাট সড়কের পাশে তাজুল ইসলাম মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ফয়সাল প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদরাসায় ক্লাসে যোগ দেয়। ক্লাস বিরতির সময়, সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত একটি বেকু মেশিন দেখতে সে মাদরাসার পাশে যায়। বেকু মেশিনটির যান্ত্রিক ত্রুটির কারণে তা কবরস্থানের দেয়ালের দিকে মুখ করে মেরামত করা হচ্ছিল।
বেকু মেশিনের ওজন ও চাপের ফলে দেয়ালটি দুর্বল হয়ে ধসে পড়ে। দেয়ালের নিচে চাপা পড়ে ফয়সালের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় আরও ছয়জন পথচারী গুরুতর আহত হন। আহতদের ঢাকা ও নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকালে বেকু মেশিনটি কাজ করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সমস্যাটি সমাধানের জন্য মেশিনটি কবরস্থানের দেয়ালের ওপর রেখে কাজ করা হচ্ছিল, যা দেয়াল ধসের মূল কারণ।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এই দুর্ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা এমন ঘটনা এড়াতে নির্মাণকাজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
0 Comments