নোয়াখালীর সুবর্ণচরে সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ ও ভিডিও নিয়ে অপবাদ সহ্য করতে না পেরে ফাহিমা আক্তার পপি (২২) নামে এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত পপি সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি সৈকত সরকারি কলেজে বিএ প্রথম বর্ষে পড়তেন।
শনিবার (২৩ নভেম্বর) সকালে পপির মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে, শুক্রবার সন্ধ্যায় ঢাকার ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন পপি।
বিয়ের পর রিয়াদ পপির স্বামী মাহমুদের কাছে দাবি করেন, পপির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। এরপর রিয়াদ পপির স্বামীর মোবাইল নম্বরে তাদের কথোপকথনের মেসেজ ও যৌথ ভিডিও পাঠান। বিষয়টি নিয়ে মাহমুদ ও তার পরিবারের সদস্যরা নববধূ পপিকে চরিত্র নিয়ে কটূক্তি ও অপবাদ দিতে শুরু করেন।
অপমানিত পপি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মাহমুদ তাকে জানান, তিনি পপির সঙ্গে সংসার করবেন না এবং তাকে আত্মহত্যার পরামর্শ দেন।
বুধবার সন্ধ্যায় পপি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, “নিহত পপির চাচা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
0 Comments