নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে তাকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা ইমরান খান আকাশের (১৯) ফাঁসির দাবিতে ছাত্র ও যুবসমাজ বিক্ষোভ করেছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহতের মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা সমন্বয়ক ফরহাদুল ইসলাম এবং নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেক ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা দাবি করেন।
বক্তারা অভিযোগ করেন, ঘটনার ২নং আসামি নিলুফা জাহান রত্না জামিনে এসে নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে। এছাড়া একটি মহল খুনি আকাশের বয়স কমিয়ে তাকে রক্ষা করতে চেষ্টা করছে।
গত ৩০ অক্টোবর রাতে কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর এলাকায় চাচিকে ধর্ষণের চেষ্টা করেন আকাশ। ব্যর্থ হয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করলে গুরুতর অবস্থায় ঢাকায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ নভেম্বর তার মৃত্যু হয়।
অভিযুক্ত আকাশ কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে এবং ওই ওয়ার্ডের ছাত্রলীগের সহ-সভাপতি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান জানান, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।
0 Comments