লক্ষ্মীপুরের কমলনগরে এক মাদরাসা ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে র্যাব-১১ এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মো. ওমর ওরফে রাহিম (২০) লক্ষ্মীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের হায়দারগঞ্জ গ্রামের মো. জাকের হোসেনের ছেলে।
শুক্রবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ।
তিনি জানান, ভিকটিম স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। বাবা প্রবাসে থাকায় সে মায়ের সাথে বাড়িতে থেকে পড়াশোনা করত। মাদরাসায় যাওয়া-আসার পথে ওমর ওরফে রাহিম তাকে নিয়মিত উত্ত্যক্ত করত এবং প্রেম নিবেদন করত। এমনকি তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার চালায়। ভিকটিমের পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে অভিযুক্তকে সতর্ক করলেও সে আরও ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে হুমকি দিতে থাকে।
ভিকটিম এই অপমান সহ্য করতে না পেরে গত ২৩ আগস্ট দুপুরে একটি চিরকুট লিখে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন।
র্যাবের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।
0 Comments