নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারের ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরির অভিযোগে এক সাবেক আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চুরি হওয়া ২৩টি ট্যাব ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, শুক্রবার রাতে চরজব্বর উপজেলার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. মোস্তাফিজ (২৭) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাদুউর ইউনিয়নের মান্দাপুর গ্রামের বাসিন্দা। তিনি সুবর্ণচর উপজেলা পরিষদের সাবেক আনসার সদস্য।
ঘটনার বিবরণ:
পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাতে সুবর্ণচর উপজেলা পরিষদের ডিজিটাল সেন্টারে চুরির ঘটনা ঘটে। আনসার সদস্য মোস্তাফিজ রাত্রিকালীন ডিউটির সময় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের চলমান অর্থনৈতিক শুমারির জন্য বরাদ্দকৃত ২৮টি মোবাইল ট্যাব ও ৩টি ল্যাপটপ চুরি করেন। পরে তিনি চুরি করা ট্যাবগুলো অনলাইনে নোয়াখালী সেল বাজার ও ব্রাহ্মণবাড়িয়া সেল বাজারের মাধ্যমে বিক্রি করে দেন।
চুরির ঘটনার পর কিছুদিনের মধ্যেই মোস্তাফিজ আনসারের চাকরি ছেড়ে সুবর্ণচর উপজেলার একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চুরি হওয়া একটি ট্যাব ও ৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২২টি ওয়ালটন ট্যাব উদ্ধার করে পুলিশ।
পুলিশের বক্তব্য:
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
0 Comments