নোয়াখালীর হাতিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকা ও প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবৈধভাবে স্থাপিত একটি অনুমোদনহীন ইটভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
রবিবার (২০ অক্টোবর) দুপুরে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রামের মধ্য মাইজচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মাইজচরা গ্রামের ওয়াহাব ব্রিকস নামের ইটভাটাটি আগে নদীর তীরে ছিল, কিন্তু দুই বছর আগে এটিকে স্থানান্তর করে প্রাথমিক বিদ্যালয়ের কাছাকাছি স্থানে নির্মাণ করা হয়। গত বছর ইটভাটার ধোঁয়ার কারণে বিদ্যালয়ের পাঠদানে বিঘ্ন ঘটেছে এবং শিশুদের যাতায়াতে অসুবিধা হয়েছে। একই সমস্যার মুখোমুখি হয়েছে পার্শ্ববর্তী হাজী শাহে আলম তালুক মিয়া নুরানী মাদ্রাসাও।
বক্তারা আরও অভিযোগ করেন, ইটভাটার ধোঁয়া প্রতিদিন সকালে পুরো এলাকা অন্ধকারাচ্ছন্ন করে ফেলত, গাছের পাতা ঝরে পড়ত, এবং আহমদীয়া জামে মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিরা সমস্যায় পড়তেন। এলাকার লোকজন বারবার ইটভাটা বন্ধ করার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। বর্তমানে ইটভাটাটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের দাবি, সরকার পরিবর্তন হওয়ায় এবার প্রশাসন এই অবৈধ ইটভাটা বন্ধে কার্যকর পদক্ষেপ নেবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী আব্দুল মন্নান রানা, কলেজ ছাত্র মো. আতিক, মো. জামসেদ এবং নুরুল আমিন প্রমুখ।
0 Comments