মাদরাসা থেকে ফেরার পথে নসিমনের চাপায় ছাত্রের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় নসিমনের চাপায় আল আমিন সিফাত (১২) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিফাত উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা, সিএনজি চালক সহিদ উল্যার ছেলে। সিফাত স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট থেকে মাইজদী যাওয়ার সড়কের কালামিয়ার পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মাদরাসার অধ্যক্ষ মো. ইয়াকুব মিয়া জানান, বিকেল ৩টা ১৫ মিনিটে মাদরাসা ছুটি হয়। সিফাত সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। যাত্রাপথে কালামিয়ার পোল এলাকায় পৌঁছালে, মাইজদী থেকে কালিরহাটের দিকে ছুটে আসা একটি দ্রুতগতির নসিমন সিফাতকে তার সাইডে চাপা দেয় এবং পালিয়ে যায়। সিফাত ঘটনাস্থলেই গুরুতর আঘাত পেয়ে মারা যায়। স্থানীয়রা পরে নসিমন চালক ও গাড়িকে শনাক্ত করে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।  

সুধারাম থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমনের চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেওয়া হয়নি।  

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলামের মোবাইল ফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments