নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর সজিব জলদাস (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের দক্ষিণ জেলে বাড়ির বাসিন্দা জনার্দন জলদাসের ছেলে এবং পেশায় নরসুন্দর ছিলেন।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, শুক্রবার বিকেলে মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় নৌকাটি ডুবে গেলে সজিব নিখোঁজ হন।
স্থানীয়দের মতে, সজিব তার বাবার সাথে মাছ ধরতে গিয়ে নদীর পাড়ের দুটি ঝাউ গাছ নৌকার ওপর পড়ে গেলে নৌকাটি ডুবে যায়। তার বাবা সাঁতরে কূলে উঠতে পারলেও সজিব নিখোঁজ হন।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, ডুবুরি দল শনিবার উদ্ধার অভিযান চালালেও সন্ধান পায়নি। পরে স্থানীয়রা নদীর কূলে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে।
0 Comments