নোয়াখালীতে রান্নাঘরের আগুনে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রান্নাঘরের চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— নিমাই চন্দ্র মজুমদার ও তার স্ত্রী মিলন বালা। তারা উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়ির বাসিন্দা

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এতে নিমাই ও তার স্ত্রী দগ্ধ হন। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সেই নিমাইয়ের মৃত্যু হয়। এরপর ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হলে রাত ৯টার দিকে মিলন বালাও মৃত্যুবরণ করেন

কীভাবে আগুন লাগল?

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। গভীর রাতে রান্নাঘরের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ঘরটি দাউ দাউ করে জ্বলতে থাকে। আগুন পাশের গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে, এতে চারটি গবাদিপশুও পুড়ে মারা যায়। ঘুমন্ত অবস্থায় থাকায় দম্পতির শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ভোরে আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হয়। তবে পথেই নিমাই মারা যান, আর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মিলন বালার মৃত্যু হয়।

প্রশাসনের বক্তব্য

হাতিয়া থানার ওসি এ.কে.এম আজমল হুদা বলেন, দম্পতি রান্নাঘরের পাশে একটি কক্ষে থাকতেন। স্থানীয়দের মতে, আগুনের সূত্রপাত রান্নাঘরের চুলা থেকেই হয়েছে।

হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন চৌধুরী জানান, তাদের কাছে এ ঘটনা জানানো হয়নি। তবে তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

Post a Comment

0 Comments