নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজার ঘাটে নদীর পাড় থেকে গাছ উপড়ে পড়ে নৌকা ডুবে এক নরসুন্দর নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ সজীব জলদাস (২৩) মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জেলে বাড়ির জনার্দন জলদাসের ছেলে। পেশায় তিনি নরসুন্দর এবং এক কন্যা সন্তানের জনক ছিলেন।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মুছাপুর ক্লোজার এলাকার ছোট ফেনী নদীতে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মো. আমির হোসেন জাহিদ জানান, কয়েক দিন আগে বন্যার পানিতে মুছাপুর স্লুইসগেট রেগুলেটর তলিয়ে যায়, যার ফলে মুছাপুর ক্লোজার এলাকায় নদী ভাঙন দেখা দেয়। সেদিন দুপুরে সজীব তার বাবার সাথে ছোট ফেনী নদীর উড়িরচর এলাকায় মাছ ধরতে যান। বিকেলে মাছ ধরে তারা নৌকায় করে মুছাপুর ক্লোজার ঘাটে ফিরছিলেন। পথিমধ্যে নদীর পাড়ে থাকা দুটি ঝাউ গাছ উপড়ে তাদের নৌকার ওপর পড়ে, ফলে নৌকাটি ডুবে যায়। সজীব নদীতে নিখোঁজ হয়ে যান, তবে তার বাবা পাড়ে উঠতে সক্ষম হন এবং স্থানীয়দের বিষয়টি জানান। পরে স্থানীয়রা নদীতে সজীবকে খুঁজতে শুরু করেন, কিন্তু ঘটনার সাড়ে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। তবে এখনো নিখোঁজ যুবককে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম থেকে একটি ডুবুরি দল শনিবার সকালে আসার কথা রয়েছে।
0 Comments